খুলনায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা ডাকাতি মামলায় ৬ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহা আলম।দণ্ডপ্রাপ্তরা হলেন— মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। অপর আসামি জিহাদুল বিশ্বাস অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতে উপস্থিত ছিলেন। অন্য দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।এছাড়া, দণ্ডপ্রাপ্ত শামীম বিশ্বাসকে দণ্ডবিধির ৪১২ ধারায় অতিরিক্ত আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাতে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম। তার সঙ্গে একজন কর্মচারীও ছিলেন।রাত প্রায় পৌনে ১২টার দিকে নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাদের গতিরোধ করে। তাদের মধ্যে একজন পুলিশের পোশাকে এবং বাকি তিনজন সিভিল পোশাকে ছিলেন।তারা রবিউল ইসলামকে জানান, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং থানায় যেতে হবে। পরে তাকে মোটরসাইকেলে তুলে থানার পরিবর্তে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে নিয়ে যায়।পথে রবিউল ইসলাম গন্তব্য সম্পর্কে জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরদিন পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।