দৈনিক দেশের সংবাদ ও নজর বিডি ডট কম-এ গত ৪ জুলাই প্রকাশিত সংবাদ এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ছবি ও ভিডিও প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রহিমা সুলতানা নিশু।প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের ফলে তাঁর সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।তিনি জানান, তিনি মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিনা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাঁকে হয়রানি করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক বিরোধের জেরে মিছিল-মিটিংসহ বিভিন্ন সময়ে তাঁকে অপমান করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মানহানিকর ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।রহিমা সুলতানা নিশু আরও দাবি করেন, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আশুলিয়ার গাজীরচট এলাকায় অবস্থানকালে তিনি মেরিনার সঙ্গে ফোনে কথা বললে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিসহ তাঁর ছবি ও ভিডিও সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেইল করছে বলেও তিনি অভিযোগ করেন।তিনি জানান, এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মাদারগঞ্জ থানায়ও কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভুয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখা, মাদারগঞ্জ উপজেলা মহিলা দল এবং জামালপুর জেলা মহিলা দলের প্রতি আহ্বান জানান। তিনি দাবি করেন, তদন্ত হলে তিনি প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করবেন।রহিমা সুলতানা নিশু বলেন, দলীয় পদকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরবেন। তিনি প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগত প্রক্রিয়ায় রয়েছেন। ভবিষ্যতে কেউ তাঁর ছবি বা ভিডিও ব্যবহার করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করে কোনো সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রকাশ বা প্রচার না করার জন্য তিনি আহ্বান জানান।প্রতিবেদকের বক্তব্য:প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদকের কোনো প্রত্যক্ষ তথ্য ছিল না। পরবর্তীতে রহিমা সুলতানা নিশুর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ, যুক্তি ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এছাড়া তাঁর পরিবার বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানা গেছে।