নজর বিডি

প্রথমবার ঢাকাই সিনেমায় মধুমিতা

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘গুলশানের চামেলী’-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন মধুমিতা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশা তার জন্য বড় দায়িত্ব তৈরি করেছে।মধুমিতা বলেন, “সবার এত আগ্রহ ও ভালোবাসা দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেছি। এটা অনেক বড় দায়িত্ব। ছবিটি মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। আমি চাই না আপনারা কোনোভাবেই নিরাশ হন।”তিনি আরও বলেন, চরিত্রটির মধ্যে ভালো ও খারাপের একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই জায়গাটি ঠিকভাবে তুলে ধরা তার জন্য বড় চ্যালেঞ্জ।বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নতুন নয় উল্লেখ করে মধুমিতা বলেন, এ দেশের মানুষের কাছ থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন। তার ভাষায়, “বাংলাদেশ নিয়ে আলাদা করে গবেষণা করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন।”তিনি জানান, বাংলাদেশের খাবারের প্রতি তার আগ্রহ রয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও ও চিকেন ঘি রোস্ট খেতে চান। পাশাপাশি যাওয়ার আগে ফুচকার স্বাদ নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ের কারণ জানিয়ে মধুমিতা বলেন, প্রথমে নাম শুনেই চরিত্রটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে গল্প পড়ার পর বুঝতে পারেন, এটি তার আগের কাজগুলোর চেয়ে আলাদা একটি চরিত্র। তাই বাংলাদেশে যাত্রার জন্য এই সিনেমাকেই বেছে নিয়েছেন তিনি। উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথমবার ঢাকাই সিনেমায় মধুমিতা