নজর বিডি

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার ছাদেক মিয়ার ছেলে শাহাদাত ও মামুন।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজ ও অভিযুক্ত মামুন উভয়েই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন মামলায় দীর্ঘদিন ফেনী কারাগারে ছিলেন। সেই সময়ে পারভেজ তাদের নানা ব্যয়ভার বহন করলেও মামুন টাকা পরিশোধ করেননি। কারামুক্তির পর স্থানীয় দোকান ব্যবসা ও শুক্রবার একটি মোবাইল ফোন দেওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়।নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার রাত ২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়।এ বিষয়ে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা