ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন। তবে এবার নাটক বা ওয়েব কনটেন্টে নয়, তাদের দেখা যাবে পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রে। নতুন এই সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’।রহস্য, রোমাঞ্চ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের ভিন্নধর্মী গল্পে নির্মিত হতে যাওয়া সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়।সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’ তার এই পোস্টের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হবে ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। প্রতিষ্ঠানটির এটি তৃতীয় প্রযোজনা।এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। নির্মাতাদের দাবি, প্রচলিত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সিনেমাটির গল্প সাজানো হয়েছে।সিনেমাটিতে শরিফুল রাজ ও সাবিলা নূরকে দেখা যাবে একেবারেই ভিন্ন লুকে। তাদের চরিত্র ও পর্দায় উপস্থাপনেও থাকবে নতুনত্ব—এমনই ইঙ্গিত মিলেছে সিনেমাটির প্রচারণামূলক ভিডিওতে।এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন রাজ ও সাবিলা। এবার নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র নিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে আসছেন এই দুই তারকা।