বলিউডে প্রথম সিনেমাই বক্স অফিস হিট, তাও ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত কাজের সুযোগ না পেয়ে একপর্যায়ে অভিনয় জগৎ ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে গিয়ে চাষাবাদ শুরু করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই অনিশ্চয়তা ও কঠিন অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেছেন এই তারকা।২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। সিনেমাটি দারুণ ব্যবসাসফল হলেও ইন্ডাস্ট্রিতে ‘প্রথাগত নায়িকা’ না হওয়ায় তার কাছে শুধু সীমিত ও একঘেয়ে চরিত্রের প্রস্তাব আসতে থাকে।টানা ভালো কাজের অভাব ও হতাশা থেকে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে বলিউড ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি। তবে ভাগ্য সহায় ছিল, ‘উরি’ এবং এর পরপরই মুক্তি পাওয়া ‘বালা’ সিনেমার বাম্পার সাফল্য তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।সেই কঠিন সময়ের অনুভূতি প্রকাশ করে ইয়ামি বলেন,"ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। হিমাচলে আমাদের নিজস্ব কৃষিজমি রয়েছে, সেখানে গিয়ে সম্পূর্ণ অন্য রকম একটা জীবন (চাষাবাদ) শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মাও ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন— ‘বাড়ি ফিরে এসো’।"বলিউডে কোনো পারিবারিক পরিচিতি বা গডফাদার ছাড়া ‘বহিরাগত’ হিসেবে কাজ করার চ্যালেঞ্জ প্রসঙ্গে ইয়ামি তারকাসন্তানদের (স্টার কিডস) সুযোগ পাওয়ার বৈষম্য নিয়ে কথা বলেন। তার মতে, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু বাইরের কারও জন্য একটি ভালো সুযোগ তৈরি করাও কঠিন।তিনি বলেন,কঠিন বিষয়টি শুধু ‘বহিরাগত’ হওয়া নয়, বরং প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো।অনেক সময় মনে হতো আমি কোনো নির্দিষ্ট চরিত্রের জন্য প্রস্তুত, অথচ সেই সুযোগ বারবার এমন কাউকে দেওয়া হচ্ছে যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ।তখন মনে হতো— আমাকেও যদি এত সুযোগ দেওয়া হতো, আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়তো।তবে সময়ের সাথে সাথে বলিউডের এই সংস্কৃতির পরিবর্তন এসেছে বলে মনে করেন ইয়ামি। দর্শকদের প্রশংসা করে তিনি বলেন, "এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দর্শকরা দেখেন না। তাঁরা দেখেন আপনি ভালো অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না এবং আপনার কাজের ওপর তাঁরা ভরসা করতে পারেন কি না। এই ইতিবাচক পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।"দীর্ঘ ক্যারিয়ারের নানা টানাপোড়েন পেরিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা ইয়ামি গৌতমকে সামনে দেখা যাবে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে।