মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরে রাজধানীতে গোলটেবিল বৈঠক করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের আমীর ঘোষিত মোহাম্মদ বায়েজিদ বলেন, বর্তমান বিশ্বে অশান্তি, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। তিনি দাবি করেন, ফ্যাসিবাদ ও নিয়মতান্ত্রিক শাসনের অভাবে মানুষের বাক-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ছে।তিনি বলেন, সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি ৯ দফা প্রস্তাবনা দিয়েছে। এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে— সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিক্ষাব্যবস্থার সংস্কার, যুবসমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখা, মানবিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি।বৈঠকে আরও বক্তব্য দেন সংগঠনের মুখ্য সমন্বয়ক ডা. মাহবুব আলম মাহফুজ। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।