নজর বিডি

বিএমডব্লিউতে ত্রুটি, সৌদিতে সাড়ে ৬ হাজার গাড়ি প্রত্যাহার

বৈদ্যুতিক ত্রুটির কারণে সৌদি আরবে বিএমডব্লিউর হাজার হাজার গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ প্রত্যাহার কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (৩১ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে ত্রুটি শনাক্ত হওয়ায় ৬ হাজার ৫৭৪টি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহারের আওতায় আনা হয়েছে। এ ত্রুটির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হতে পারে, যা ধোঁয়া নির্গমন কিংবা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়াতে পারে। প্রত্যাহার করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজ। সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের তাদের গাড়ির ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর (ভিআইএন) যাচাই করার পরামর্শ দিয়েছে। নির্ধারিত রিকলস ওয়েবসাইটের মাধ্যমে গাড়িটি প্রত্যাহার কার্যক্রমের আওতায় আছে কি না, তা জানা যাবে। এছাড়া প্রয়োজনীয় মেরামতের জন্য গাড়ির মালিকদের মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ত্রুটি সংশোধনের কাজ গ্রাহকদের জন্য বিনামূল্যে করা হবে বলে জানানো হয়েছে।

বিএমডব্লিউতে ত্রুটি, সৌদিতে সাড়ে ৬ হাজার গাড়ি প্রত্যাহার