জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনা সভা করেছে বিদ্যুৎ বিভাগ। সভায় এসব অভিযোগ দ্রুত তদন্ত করে সমাধানের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে বিতরণ সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়ালি এই মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থার কর্মকর্তারা অংশ নেন।জুন মাসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের কাছে এর কারণ ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।বিদ্যুৎ সচিব নির্দেশ দিয়েছেন যে, বিল প্রণয়নে কোনো করণিক বা কারিগরি ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সচিব জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে তারা জানান, মাঠপর্যায়ে এখনো উল্লেখযোগ্য কোনো বড় অভিযোগ তারা পাননি। তবে গ্রাহক অসন্তোষ এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।কেন্দ্রীয় সেবা হটলাইন: ১৬৯৯৯বিপিডিবি (BPDB): ১৬২০০পল্লী বিদ্যুৎ (REB): ১৬৮৯৯ডিপিডিসি (DPDC): ১৬১১৬ডেসকো (DESCO): ১৬১২০নেসকো (NESCO): ১৬৬০৩ওজোপাডিকো (WZPDCO): ১৬১১৭