নজর বিডি

বিমানবন্দরে পাঁচ দিনের অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের পৃথক অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, বিদেশি সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিবৃতিতে সিআইআইডি জানায়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।সিআইআইডি সূত্রে জানা যায়, ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।একই দিনে এমিরেটসের EK582 ও কাতার এয়ারওয়েজের QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।একই দিনে বি-শিফটের অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।এ ছাড়া ১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি মোবাইল ফোন এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ১৭ আগস্ট। দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন সিআইআইডির বি-শিফটের কর্মকর্তারা। পরবর্তী পরীক্ষায় ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত এসব পৃথক অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা, যা প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।

বিমানবন্দরে পাঁচ দিনের অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ