রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভিক্ষুক ও ভবঘুরোদের উৎপাত বন্ধে অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে নারী, শিশু ও পুরুষসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটি স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিমানবন্দর থানা পুলিশ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে ভিক্ষুক ও ভবঘুরোদের উৎপাত রয়েছে। এতে দেশি-বিদেশি যাত্রীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে প্রবাসী ও বিদেশি যাত্রীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এরই ধারাবাহিকতায় বিমানবন্দর থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী অভিযান চালায়। অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫ জন শিশু ও নারী এবং ২৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের সংশ্লিষ্ট বিশেষ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।