দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন বা ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে।একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ৩৬ লাখ ডলার।আন্তর্জাতিক মান অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। এ হিসাবের ক্ষেত্রে মূলত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়।রিজার্ভ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। ফলে সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।