নজর বিডি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারতে আসছেন শি জিনপিং

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবারই প্রথম নয়াদিল্লি সফরে আসছেন শি জিনপিং। ২০১৯ সালেও ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। সে সময় প্রায় ২০০ কর্মকর্তার বহর নিয়ে নয়াদিল্লি সফর করেছিলেন চীনা প্রেসিডেন্ট। এবার তার সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০০ কর্মকর্তা থাকার কথা রয়েছে।২০১৯ সালের সফরের পরের বছর, ২০২০ সালের জুনে লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ হয়। ওই সংঘাতের পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন তৈরি হয়।তবে সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যাচ্ছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ সাত বছর পর চীন সফর করেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে বেইজিং সফর করেছিলেন তিনি।মোদির দীর্ঘ বিরতির পর চীন সফরের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় শি জিনপিংয়ের ভারত সফর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারতে আসছেন শি জিনপিং