ছোট পর্দার সম্ভাবনাময়ী অভিনেত্রী মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করে অল্প সময়েই নাটকে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক কাজের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়ানো এই অভিনেত্রীর নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ শিগগিরই মুক্তি পাচ্ছে। এতে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন নাটক, অভিনয়জীবন, দর্শকের ভালোবাসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন মালাইকা। নতুন নাটক প্রসঙ্গে তিনি জানান, ‘আমার রাজ্যে তুমি’ কোনো সাধারণ প্রেমের গল্প নয়। এতে রয়েছে আবেগ, গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপনা। দর্শকরা গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রথমবার তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মালাইকা বলেন, “তৌসিফ ভাইয়া খুবই সহযোগিতাপরায়ণ। অভিনয়ে আমি নতুন, তাই তিনি গল্প বোঝা, চরিত্র বিশ্লেষণ এবং সংলাপ উপস্থাপনা—সব ক্ষেত্রেই আমাকে সাহায্য করেছেন। তার সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।” অভিনয়ে আসার পর দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে মালাইকা বলেন, “আমার তো খুব ভালো লাগছে। দর্শকের এতো ভালোবাসা পাচ্ছি, বলে বোঝানো যাবে না। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসা নিয়েই সামনে আরও ভালো কাজ উপহার দিতে চাই।” অভিনয়ে বড় বোন মেহজাবীন চৌধুরীর সহযোগিতার কথাও জানান মালাইকা। তিনি বলেন, নতুন কোনো কাজের প্রস্তাব এলে বা স্ক্রিপ্ট হাতে পেলে প্রথমেই তা বোনকে দেখান। মেহজাবীন মনোযোগ দিয়ে গল্প শোনেন এবং সংলাপ, অভিনয় ও চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। নিজের অভিনীত নাটক মুক্তি পেলেই পরিবারের সদস্যরা একসঙ্গে বসে দেখেন বলে জানান মালাইকা। এ বিষয়ে তিনি বলেন, পরিবারের এমন উৎসাহ ও ভালোবাসা তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালাইকা। তাই পড়াশোনা ও অভিনয় একসঙ্গে সামলাতে কিছুটা বেছে কাজ করছেন। তবে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং মানসম্পন্ন নির্মাণ হলে ভবিষ্যতেও নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চান তিনি। দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রেরণা উল্লেখ করে মালাইকা বলেন, “যেহেতু দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন এবং ভালোবাসছেন, তাই ধীরে ধীরে অভিনয়টা চালিয়ে যেতে চাই।”