চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে ৫৯ বিজিবির অধীন চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০০/এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানার চাঁনশিকারী গ্রামের হাউসপুর জামে মসজিদসংলগ্ন আমবাগানে এ অভিযান চালানো হয়।অভিযানকালে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চাঁনশিকারী গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম মোশারফ (৩২), আলালপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে আশরাফুল হক সানাউল (৩৩) এবং চাঁনশিকারী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আমির (২৬)।বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৪ পুরিয়া হেরোইন, চারটি ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০৭ টাকা জব্দ করা হয়েছে।বিজিবির দাবি, আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিলেন।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।