নজর বিডি

মাগুরার শ্রীপুরে ৪৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

প্রশাসনিক জটিলতা ও নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার অর্ধেকেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতেই নেই কোনো নিয়মিত প্রধান শিক্ষক। ফলে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত থাকলেও বাকি ৪৬টির মধ্যে ২৭টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ১৯টিতে চলতি দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা প্রশাসনিক কাজ সামলাচ্ছেন। এতে শিক্ষকদের দাপ্তরিক সভা, অনলাইন তথ্য হালনাগাদ ও অফিস ব্যবস্থাপনার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে নির্ধারিত সময়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন তৈরি ও শিক্ষা অফিসের কাজে বারবার ছুটতে হওয়ায় অতিরিক্ত মানসিক চাপে পড়তে হচ্ছে। এতে পাঠদানে মনোযোগ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মতে, স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর সার্বিক তদারকিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং শিক্ষক সংকটে ক্লাস ফাঁকা থাকার ঘটনাও ঘটছে।এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ জানান, চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত হিসেবে যারা আছেন, তারা পদোন্নতির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। পদোন্নতি কার্যক্রম পূর্ণাঙ্গ হলে এ সংকট কেটে যাবে। বর্তমানে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।

মাগুরার শ্রীপুরে ৪৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান