নজর বিডি

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পড়া না পারার অভিযোগে এক মাদরাসা শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ওই মারধরের ঘটনায় শিশুটির মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে।এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। শনিবার (১ আগস্ট) অভিযোগটি করা হয়।ভুক্তভোগী আঁখি আক্তার (৯) শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদরাসার শিক্ষক মো. সাফায়েত পড়া না পারার অজুহাতে আঁখিকে লাঠি দিয়ে মারধর করেন। এ ঘটনার কথা কাউকে জানালে আরও মারধর করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখে শিশুটি। পরে শারীরিক ব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানায় আঁখি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে পরিবার জানায়।শিশুটির বাবা মো. আলমগীর খান অভিযোগ করে বলেন, বিষয়টি মাদরাসার প্রধান শিক্ষক মো. তোফাজ্জলের কাছে জানানো হলেও তিনি বিষয়টি চেপে যাওয়ার পরামর্শ দেন। পরে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এদিকে, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, এ ঘটনায় প্রাথমিক একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ