মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী চাচি ও ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।নিহতরা হলেন মোড়লকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) এবং হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। তারা সম্পর্কে চাচি ও ভাতিজি।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা মিলে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমি বেগম ও শিশু আয়শাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯) এবং নিহত আয়শার মা মাহিমা আক্তার (৩৫)। ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বিয়ের আনন্দ আয়োজন এক নিমেষেই শোকের ছায়ায় রূপ নেওয়ায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।