নজর বিডি

মুখ্যমন্ত্রীকে টার্গেটের অভিযোগে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু করা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে অনুপ্রবেশের পরিকল্পনার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার (২ আগস্ট) এসটিএফ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তি হামিম মণ্ডলের বিরুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। এসটিএফের দাবি, হামিম দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সিজেপির সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের পোশাক পরে প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করেছিল। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধি পর্যবেক্ষণের দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সংস্থাটির। এসটিএফের ইন্সপেক্টর জেনারেল গৌরব শর্মা বলেন, মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তার চলাচলের বিভিন্ন তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল হামিমকে। জিজ্ঞাসাবাদে পশ্চিমবঙ্গে জেইএমের কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে হামিমের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসটিএফ। আদালত তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। এদিকে, হামিমের প্রেমিকা অর্পিতা সরকারকেও ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা দুজন মিলে এক রাজ্যমন্ত্রীর ছেলেকে হানি-ট্র্যাপের মাধ্যমে ফাঁসিয়ে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিলেন। পুলিশের দাবি, হামিম ও অর্পিতা পাকিস্তানভিত্তিক একটি চক্রের নির্দেশনায় কাজ করছিলেন। অর্পিতা বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তথ্য সংগ্রহ করতেন এবং তা হামিমের কাছে পাঠাতেন বলে অভিযোগ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অর্পিতার সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে হামিমের সন্ধান পাওয়া যায়। ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং প্রায় চার বছর ধরে তাদের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীকে টার্গেটের অভিযোগে গ্রেপ্তার