মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিনথিয়া রহমানকে উপদেষ্টা, রুবিনা ইয়াসমিন খুকুমণিকে সভাপতি, সালমা বেগমকে সিনিয়র সহ-সভাপতি এবং পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।নতুন কমিটি ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথাও জানান নেত্রীরা। উপদেষ্টা সিনথিয়া রহমান, সভাপতি রুবিনা ইয়াসমিন খুকুমণি ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার মিরকাদিম পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবং সিনিয়র সহ-সভাপতি সালমা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন।নবনিযুক্ত উপদেষ্টা সিনথিয়া রহমান বলেন, তার বাবা মরহুম হাজী মফিজুর রহমান ইনু মিরকাদিম পৌর বিএনপি ও যুবদলের সাবেক সেক্রেটারি এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি বলেন,আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। জনগণের সেবায় একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই।তিনি আরও বলেন, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।