বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিজনির তুমুল জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন সংস্করণ। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নাম ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন ১৯ বছর বয়সী তরুণী ক্যাথরিন লাগা’আইয়া। ছবিটির মাধ্যমে রূপালি জগতে পূর্ণাঙ্গ অভিষেক হলো এই অস্ট্রেলিয়ান অভিনেত্রীর।ডিজনি যখন তাদের এই বহুল প্রতীক্ষিত ছবির জন্য খাঁটি পলিনেশীয় চেহারার নতুন মুখ খুঁজছিল, তখন সিডনির নিউটাউন হাই স্কুল অব দ্য পারফর্মিং আর্টসের শিক্ষার্থী ছিলেন ক্যাথরিন। সুযোগ হাতছাড়া না করে অডিশন দেন তিনি। প্রায় ৩২ হাজার প্রতিযোগীকে টপকে শেষ পর্যন্ত 'মোয়ানা' চরিত্রটি নিজের করে নেন সামোয়ান বংশোদ্ভূত এই তরুণী। শিক্ষাজীবনের মধ্যে শুটিং চলায়, শুটিং সেট থেকেই শিক্ষকের কাছে মেইল করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তিনি।ক্যাথরিনের পুরো নাম ক্যাথরিন কেটি লাগা’আইয়া। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে তাঁর জন্ম। তাঁর বাবা জে লাগা’আইয়াও একজন সুপরিচিত অভিনেতা। তবে বাবার সুবাদে শোবিজে চেনা-জানা থাকলেও, ‘মোয়ানা’র মতো বড় প্রজেক্টে সুযোগ পেয়েছেন সম্পূর্ণ নিজের যোগ্যতায়। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মিনিসিরিজ ‘দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট’-এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন তিনি।২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ দেখার অভিজ্ঞতা জানিয়ে ক্যাথরিন বলেন, "তখন মনে হয়েছিল, এ তো আমার মতো দেখতে একজন রাজকুমারী। ছবির বাবাকে দেখতেও আমার বাবার মতোই। যে দ্বীপের গল্প ছোটবেলা থেকে শুনে এসেছি, সেটাই পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল।"শুরুতে এই আইকনিক চরিত্রে অভিনয় করাটা চাপের হলেও, সহশিল্পী ডোয়েইন জনসন এবং পরিচালক থমাস কাইলের সহযোগিতায় নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সমালোচকদের মতে, ক্যাথরিন হতে যাচ্ছেন হলিউডের ‘নিউ বিগ থিং’।