নজর বিডি

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ১৯২ দশমিক ৪৫ গ্রাম।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ময়ুরকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।এ ছাড়া তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা। স্মার্টফোনের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ টাকাসহ জব্দ করা সামগ্রীর মোট সিজার মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১