নজর বিডি

রংপুরে প্রথম সরকারি মহিলা পলিটেকনিক

উত্তরাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় নতুন সুযোগ তৈরি করতে যাত্রা শুরু করতে যাচ্ছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুরের প্রথম এই সরকারি মহিলা পলিটেকনিকে চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।আগামী ২৬ সেপ্টেম্বর প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার বছর মেয়াদি আবাসিক এ প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে দুই প্রযুক্তিতে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তি করা হবে। আগামী শিক্ষাবর্ষে আরও দুটি প্রযুক্তি যুক্ত করে শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারে বৃত্তিও পাবেন।রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে তিন একর জমির ওপর গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির আধুনিক ক্যাম্পাস। সরকারি অর্থায়নে ‘চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের আওতায় রংপুর ছাড়াও সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে।নতুন ক্যাম্পাসে ছয়তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও চারতলা ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে। ২০০ আসনের ছাত্রীনিবাসে রিডিং রুম, টিভি রুম ও ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি শিক্ষক ডরমেটরি, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ও সাব-স্টেশনও নির্মাণ করা হয়েছে।শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিকমানের যন্ত্রপাতিতে সজ্জিত এই ওয়ার্কশপে শিক্ষার্থীরা বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।ইতোমধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ২০ জন শিক্ষক যোগদান করেছেন। চলতি মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।ইনস্টিটিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।তিনি বলেন, ডিপ্লোমা সম্পন্ন করার পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। কারিগরি দক্ষতার পাশাপাশি চাকরির বাজারের উপযোগী করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, বর্তমান ও ভবিষ্যতের চাকরির বাজারের চাহিদা বিবেচনায় দক্ষ নারী জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রংপুর বিভাগের জন্য এটি একটি বড় অর্জন, কারণ এ অঞ্চলে এটিই প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিষ্ঠানটি চালু হলে উত্তরাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে। একই সঙ্গে দক্ষ নারী জনশক্তি তৈরির মাধ্যমে দেশের শিল্প ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

রংপুরে প্রথম সরকারি মহিলা পলিটেকনিক