রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার চারপাশের নৌপথ চালু করার পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।