নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন রূপগঞ্জ উপজেলার কেওঢালা গ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে এক মিটার রিডারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত ও অস্বাভাবিক বিল প্রদান করা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভুতুড়ে বিলের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ওই মিটার রিডারকে আটকে রেখে "দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ চাই", "সঠিক নিয়মে বিদ্যুৎ বিল করতে হবে"—ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে অবরুদ্ধ মিটার রিডারকে উদ্ধার করে নিয়ে যান।এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলো দ্রুত যাচাই করে সমাধান করা হবে এবং প্রকৃত বিল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এলাকাবাসী জানান, শুধু মৌখিক আশ্বাস নয়, ভবিষ্যতে যেন কোনো গ্রাহক এমন ভুতুড়ে বিলের শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট দুর্নীতির সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সাথে কেওঢালা এলাকাবাসী এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।