নজর বিডি

রেলকর্মীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

রেলকর্মীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন।বিনা টিকিটে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের হাতে বিভিন্ন সময়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে বিনা টিকিটের কিছু যাত্রী সংঘবদ্ধভাবে ভ্রমণ করেন। বিশেষ করে এসি শ্রেণির কোচের করিডোরে অবস্থান করে তাঁরা বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণে বিঘ্ন সৃষ্টি করেন।বক্তারা বলেন, টিকিট দেখতে চাইলে ওই যাত্রীরা দলবদ্ধ হয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পাশাপাশি টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।মানববন্ধনে বক্তারা জানান, গত ৪ জুলাই বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের হামলার শিকার হন রেলওয়ের কর্মীরা।এ ছাড়া গত ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ‘ঙ’ কোচে কয়েকজন বিনা টিকিটের যাত্রী ওঠেন। তাঁদের ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে চলে যাওয়ার অনুরোধ করা হলে তাঁরা ক্ষিপ্ত হয়ে রেলকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে ওই সংঘবদ্ধ চক্র রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় বলে বক্তারা দাবি করেন।বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় টিকিট চেকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং তাঁরা কর্মস্পৃহা হারাচ্ছেন। এর ফলে সরকারি রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।তাঁরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।মানববন্ধন থেকে রেলওয়ের দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

রেলকর্মীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন