রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত হওয়ায় ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে জনবল সংকট কাটিয়ে পর্যায়ক্রমে বন্ধ থাকা স্টেশন ও লোকাল ট্রেন পুনরায় চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।রেলওয়ে সূত্র জানায়, চলতি আগস্ট মাসে রেলের বহরে ২০০টি নতুন কোচ যুক্ত হওয়ার কথা রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কোচ ও ইঞ্জিন সংকটের কারণে চালু করা না যাওয়া কয়েকটি রুটে নতুন ট্রেন পরিচালনা সম্ভব হবে।বর্তমানে যমুনা সেতু হয়ে পাবনা এবং খুলনা-মোংলা রেলপথ চালু থাকলেও এসব রুটে এখনো কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। নতুন কোচ যুক্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে আরও একটি করে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা আন্তঃনগর ট্রেনের সেবা মোংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।এছাড়া পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের।অন্যদিকে, রাজশাহী ও যশোর অঞ্চলের যাত্রীরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোকাল ট্রেন পুনরায় চালু এবং বিদ্যমান আন্তঃনগর ট্রেনে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়ে আসছেন। যশোরবাসীর দাবি, বেনাপোল, খুলনা ও দর্শনা থেকে ঢাকার সঙ্গে আরও সরাসরি ট্রেন চালু করা হোক। একই সঙ্গে যশোর থেকে একটি প্রভাতী ট্রেন চালুরও দাবি রয়েছে।বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, পদ্মা সেতু রেলপথ চালুর সময় যশোর থেকে সকালে ঢাকাগামী একটি ট্রেনের দাবি জানানো হয়েছিল। তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।এদিকে, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামান খান বলেন, রাজশাহী অঞ্চলের একাধিক লোকাল ট্রেন ও কয়েকটি স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জনস্বার্থে এসব ট্রেন ও স্টেশন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা—এই দুই রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রক্রিয়া চলছে। পাবনা রুটের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং খুলনা রুটের প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে। তিনি আরও জানান, স্টেশন চালু করতে প্রয়োজনীয় স্টেশন মাস্টার ও সহায়ক জনবলের ঘাটতি ছিল। ইতোমধ্যে চুক্তিভিত্তিক ও নতুন স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পর্যায়ক্রমে দায়িত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা হবে।