জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। গতকাল সোমবার (১৮ মে) রাজধানী ঢাকায় র্যাব সদরদপ্তরে আয়োজিত বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে র্যাব ডিজি আরও বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সব কার্যক্রমে র্যাবকে আরও পেশাদার ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে র্যাব দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জন করেছে। এর পাশাপাশি ক্লুলেস মার্ডার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মানবপাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে র্যাব অভিযান পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।অনুষ্ঠানে র্যাবের গত এক বছরের অভিযানিক সাফল্য ও মানবিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভিন্ন মাত্রা যোগ করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে ২০০৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি (তৎকালীন বিডিআর), কোস্ট গার্ড ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।