লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের পানি আংশিক নিষ্কাশনের ইঙ্গিত ট্রাম্পের।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ঐতিহাসিক লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলে সাম্প্রতিক সংস্কারের পর আবারও মেরামতের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কথিত ভাঙচুরের কারণে পুলটির অনেকটা পানি নিষ্কাশন করতে হতে পারে।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ঠিকাদারদের সঙ্গে বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় মেরামতের জন্য পুলের বেশিরভাগ পানি ছেড়ে দিয়ে তা খালি করতে হতে পারে। তবে কাজ দ্রুত শেষ করার আশ্বাসও দেন তিনি।ট্রাম্পের দাবি, রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কেউ পুলে ক্ষয়কারী রাসায়নিক ঢেলে দিয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। এ বিষয়ে মার্কিন পার্ক পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।গত ৬ জুন ট্রাম্প ঘোষণা দেন, ১ কোটি ৪৭ লাখ ডলারের সংস্কার প্রকল্প শেষে লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার পরপরই পুলের পানিতে শৈবালের (অ্যালগি) বিস্তার দেখা দেয়। প্রত্যাশিত গাঢ় নীল রঙের বদলে পানি সবুজাভ হয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে কর্মীরা পুলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার শুরু করেন।এদিকে সপ্তাহের শুরুতে দেখা যায়, পুলের তলায় দেওয়া রঙ উঠে গিয়ে তা শৈবালমিশ্রিত পানিতে ভেসে বেড়াচ্ছে। এতে নতুন করে সংস্কারকাজের মান এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।রিফ্লেক্টিং পুলের এই সংস্কার ট্রাম্পের ওয়াশিংটন পুনর্গঠনের বৃহৎ পরিকল্পনার অংশ। তার পরিকল্পনার মধ্যে রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে নতুন বলরুম নির্মাণ এবং আর্লিংটন ন্যাশনাল সেমেট্রির কাছে একটি বিশাল স্মারক তোরণ নির্মাণ, যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মান জানানো হবে।