নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামের মৃত ঠাকুরচাঁন ঘোষের ছেলে হরিচাঁন ঘোষের বিরুদ্ধে গত তিন-চার বছর ধরে সরাসরি মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।স্থানীয় সূত্র জানায়, হরিচাঁন ঘোষ নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসছেন। সম্প্রতি ঘরের ভেতরে তাঁর ইয়াবা সেবনের একটি ছবি স্থানীয়দের মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছড়ানো ছবিতে হরিচাঁনকে তাঁর ঘরের ভেতর মাদক সেবনরত অবস্থায় স্পষ্ট দেখা যাচ্ছে। এলাকাবাসীর আরও অভিযোগ, হরিচাঁন শুধু সেবনই নয়, এলাকায় মাদকের চক্র গড়ে তুলেছেন। কেউ তাঁর এই অপকর্মের প্রতিবাদ করলে বা মুখ খুললে তাকে ভুয়া মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। দীর্ঘদিনের এই মাদক কারবারের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হরিচাঁন ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে, মাদকমুক্ত সমাজ গঠনে বিষয়টি দ্রুত নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন চর দিঘলিয়ার অধিবাসীরা।