জুলাই গণঅভ্যুত্থানে নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার রাত ৯টায় রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে শহীদ নাইমা সুলতানার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।জামায়াত আমীর নাইমা সুলতানার বাসায় আসবেন—এ খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। পরে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।তিনি বলেন, ‘আমি স্বশরীরে বহু শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে অনেক সময় লেগে গেল।’এ সময় তিনি শহীদ নাইমা সুলতানার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর থানা আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।