ঢাকা, ৩১ আগস্ট ২০২৬হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একটি দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে।নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।দুর্ঘটনায় আহতরা হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। আহতদের সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তাদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে বলে জানান তিনি।দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানো হয়েছে। কীভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।