নজর বিডি

শিবগঞ্জে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দকৃত মালামাল ও আসামিদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

শিবগঞ্জে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারী আটক