চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।এ সময় সোহেল (২৩), কুলছুম খাতুন ওরফে বিলকিস খাতুন (২০), সাখাওয়াত হোসেন রাফি (৩০), বাপ্পি (৩৪) ও সিয়ামজুল ইসলাম ওরফে সিয়াম (২৭)কে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।