চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ মাদকদ্রব্য 'স্কাফ' সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থান সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল কানসাট ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয় এবং তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।