রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৬ জুলাই) বিকেলের দিকে শিশুটিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।শিশুটির মামা তোফাজ্জল জানান, সোমবার দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা শেখবাড়ি এলাকার ভাড়া বাসায় শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে তার মা প্রতিদিনের মতো কাজে যান। দুপুর পৌনে ৩টার দিকে মা কাজ শেষে বাসায় ফিরে দেখেন তার মেয়ে রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। এ সময় শিশুটির মা স্থানীয় এক কিশোরের দিকে ইঙ্গিত করেন।ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। শিশুটির গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সোনাবালুয়া গ্রামে। তার মা পেশায় একজন গৃহকর্মী।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণখান থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।