নজর বিডি

জিডিপির তুলনায় সংকুচিত হচ্ছে দেশের শেয়ারবাজার

দেশের অর্থনীতির আকার বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়ছে না শেয়ারবাজারের গভীরতা। বরং দেশের জিডিপির তুলনায় শেয়ারবাজারের আকার দিন দিন সংকুচিত হচ্ছে। গত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘মার্কেট ক্যাপ টু জিডিপি’ অনুপাত দশমিক ৫১ শতাংশ কমে ১১ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে।বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বড় অর্থনীতিগুলোতে এই অনুপাত ১০০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত থাকলেও বাংলাদেশে তা মাত্র ১১ শতাংশের ঘরে। আইপিও অনুমোদন দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় বাজারে নতুন ও ভালো কোম্পানির অভাব দেখা দিয়েছে। বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে ১২৫টিই ‘জেড’ শ্রেণিভুক্ত এবং ৬২টি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ। বাজার বিশ্লেষক ও অধ্যাপক মো. আল-আমিন বলেন, বাজারে বর্তমানে বিনিয়োগযোগ্য ভালো শেয়ারের তীব্র অভাব রয়েছে। আইপিও প্রক্রিয়া সচল না হলে পুঁজিবাজারের গভীরতা বাড়ানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিএসইসি জানিয়েছে, ভালো কোম্পানি আনার লক্ষ্যে আইপিও বিধিমালায় পরিবর্তনসহ কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

জিডিপির তুলনায় সংকুচিত হচ্ছে দেশের শেয়ারবাজার