উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলো উত্তাল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ নির্দেশ দেওয়া হয়।সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে থাকা জেলেদের আবহাওয়ার পরিবর্তনের ওপর সতর্ক নজর রাখা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।