আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।ডনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, সালমান শাহ হত্যা মামলায় ডন ৪ নম্বর আসামি। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন থেকে তাঁকে আটক করার পর সিআইডি হেফাজতে নেয়।মামলার এজাহারে ডনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত চলমান থাকায় ডনকে জেলহাজতে রাখা প্রয়োজন।রাষ্ট্রপক্ষের দাবি, মামলার আরেক আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিতে সালমান শাহ হত্যার সঙ্গে ডনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তাঁদের দাবি, ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তবে এসব অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং প্রমাণিত নয়।সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। গত বছর আদালতের নির্দেশে তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়।গত বছরের অক্টোবরে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।মামলাটি তদন্ত করছে সিআইডি। আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।