নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবিসিংহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুজ্জামান ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গেলে বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংযুক্ত তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান, হঠাৎ নুরুজ্জামানের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে সাপের কামড় মনে হলেও পরে তার পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকতে দেখা যায়। পাশের একটি বাড়ি থেকে কাঁথা এনে তার সাহায্যে বৈদ্যুতিক তার সরিয়ে তাকে উদ্ধার করা হয়।পরে স্থানীয়রা নুরুজ্জামানকে কুতুবেরহাট বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক পিলার ও সংযোগে ত্রুটির বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হয়েছিল। সময়মতো ত্রুটি মেরামত করা হলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো বলে দাবি তাদের।নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।