বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১০টা ১৫ মিনিটে শহীদ সাটু হল অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় মূল রক্তদান কর্মসূচি।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে পরিচালিত এই রক্তদান কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন ও অকিলুর রহমান অকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, অগ্রগতি’—এই মূলনীতিকে পাথেয় করেই সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই রক্তদানের আয়োজন করা হয়েছে উল্লেখ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।