নজর বিডি

হোদেইদায় হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে দেশটির সরকারি সশস্ত্র বাহিনীর ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। অভিযানে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী।মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স। বিবৃতিতে বলা হয়, হোদেইদা শহরে হুথিদের ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। এতে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হন।তবে সরকারি বাহিনীর এ অভিযানের বিষয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এনআরএফের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুথিদের নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধারের লক্ষ্যে মঙ্গলবার হোদেইদায় ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। সেই নির্দেশের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত একটি পরিষদ সভায় এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এবং সৌদি সামরিক জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অভিযানের পর প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার, পুরো জাতীয় ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কারণে সৃষ্ট মানবিক দুর্ভোগের অবসান ঘটাতে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সালে রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। এর পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে একই বছর ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।বর্তমানে ইয়েমেনের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দেশের অপর অংশ নিয়ন্ত্রণ করছে সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকার।দীর্ঘদিনের সংঘাতের পর ২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর উভয় পক্ষ মোটামুটি যুদ্ধবিরতি মেনে চললেও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ইয়েমেনে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে।গত সপ্তাহে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা এবং ওই হামলার দায় সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকারের স্বীকার করার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

হোদেইদায় হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪