নজর বিডি

৫৩ বোতল ফেনসিডিল মামলায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই পলাতক ছিলেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আতাউর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জিয়ন পালিয়ে যান। পরে আতাউরের সঙ্গে থাকা একটি হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে।

৫৩ বোতল ফেনসিডিল মামলায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড