নজর বিডি

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাব ও সিআইডি যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে পিকেট ও চেকপোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ ভেন্যু ও অনুষ্ঠানস্থলে ডিবি এবং সিটিটিসি সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। জনসমাগম বেশি হয় এমন এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড বিশেষ সুইপিং অভিযান পরিচালনা করবে। এছাড়া, সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব স্থানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সাদা পোশাকে সিটিএসবি ও আইএডি সদস্যদের গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। সংস্থাটি আরও জানায়, নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত সদস্যদের সঙ্গে র‍্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন।

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার