নজর বিডি

৮ বিউটি ক্রিমে মারাত্মক মাত্রার পারদ

বাজারে প্রচলিত ৮টি ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) পাওয়া গেছে। পরীক্ষায় এসব ক্রিমে অনুমোদিত সীমার তুলনায় বহু গুণ বেশি মার্কারি শনাক্ত হওয়ায় পণ্যগুলো বিক্রি, বিতরণ, মজুত ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, সম্প্রতি খোলাবাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রসাধনীর নমুনা তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।বিএসটিআইর তথ্যমতে, বাংলাদেশ মান (বিডিএস-১৩৮২) অনুযায়ী স্কিন ক্রিমে মার্কারির সর্বোচ্চ অনুমোদিত মাত্রা ১.০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন)। কিন্তু পরীক্ষায় ধরা পড়া ৮টি ব্র্যান্ডের ক্রিমে এ সীমার তুলনায় কয়েক গুণ থেকে শতাধিক গুণ বেশি মার্কারি পাওয়া গেছে। ডিউ বিউটি ক্রিম (Creative Cosmetics, Pakistan) – ১২৩.৩৭ পিপিএম চাঁদনি হোয়াইটেনিং ক্রিম (S.J Enterprise) – ১২০.৩৯ পিপিএম নুর হোয়াইটেনিং ক্রিম (Nur Enterprise) – ৮২.৭৬ পিপিএম নাভিয়া হোয়াইটেনিং ক্রিম (Loya International) – ৭৯.৭০ পিপিএম ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম (GLDJB Cosmetics, China) – ৬৭.৪৯ পিপিএম নাভিয়া বিউটি ক্রিম – ৫৯.৮২ পিপিএম গৌরি বিউটি ক্রিম (Gouri Cosmetics) – ৫৬.৯৩ পিপিএম নিউ ফেস বিউটি ক্রিম (QCI Company) – ৪৪.৭২ পিপিএমস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অতিরিক্ত মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী কালো দাগ, অ্যালার্জি, কিডনির মারাত্মক ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এসব প্রসাধনী ব্যবহার করলে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। ক্ষতিকর ও অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন, আমদানি ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ভোক্তাদের প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন যাচাই করার এবং সন্দেহজনক বা অননুমোদিত রং ফর্সাকারী ক্রিম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

৮ বিউটি ক্রিমে মারাত্মক মাত্রার পারদ