নজর বিডি

‘কর্মক্ষম তরুণ ও যুবশক্তি দিয়েই শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব’ -এমপি বুলবুল

দেশের তরুণ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল বলেছেন, "তরুণ ও যুবক যারা কর্মক্ষম, এই কর্মক্ষম শক্তিকে দিয়েই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে।"আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব শক্তি, দেশ গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি নূরুল ইসলাম বুলবুল।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ এবং অ্যাডভোকেট মো. মাসুদ রানা। এতে জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

‘কর্মক্ষম তরুণ ও যুবশক্তি দিয়েই শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব’ -এমপি বুলবুল