নজর বিডি

‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে ঢাকার জাতীয় চিড়িয়াখানায়

কোরবানি হচ্ছে না, ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকার জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ভাইরাল মহিষদেশজুড়ে তুমুল আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো (সাদা) জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল আর ভালোবাসার কেন্দ্রবিন্দুতে থাকা এই মহিষটিকে দর্শনার্থীদের জন্য ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, নারায়ণগঞ্জের আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য আজ বুধবার রাতেই চিড়িয়াখানায় নিয়ে আসার কথা রয়েছে। মহিষটিকে রাখার জন্য চিড়িয়াখানায় ইতোমধ্যে একটি বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে। চিড়িয়াখানায় আসার পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।খামার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের এই সাদা মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছিল। কেরানীগঞ্জের এক ক্রেতা মহিষটি কোরবানির জন্য কিনে নিলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার টাকা ফেরত দেওয়া হয় এবং কোরবানি না করার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়। চিড়িয়াখানায় স্থানান্তরের আগ পর্যন্ত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে।উল্লেখ্য, বিরল সাদা রঙের কারণে মার্কিন সাবেক প্রেসিডেন্টের নামের সাথে মিলিয়ে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ শোরগোল ফেলেছিল। এমনকি এই মহিষটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে খবর প্রকাশ করেছিল ইরানের গণমাধ্যমও। শেষ পর্যন্ত কোরবানির হাট থেকে রাজকীয় বিদায় নিয়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানাই হতে যাচ্ছে এই সেলিব্রেটি মহিষের স্থায়ী ঠিকানা।

 ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে ঢাকার জাতীয় চিড়িয়াখানায়