নজর বিডি

২০ টাকার ঝালমুড়ির জন্য যুবককে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে মোহাম্মদ আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে এক ঝালমুড়ি বিক্রেতা। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে আহতের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমিন তার বন্ধু মোবারককে নিয়ে স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা সোহেলের দোকানে যান। ঝালমুড়ি খাওয়ার পর আমিন সোহেলকে জানান যে, তিনি ২০ টাকা পরে পরিশোধ করবেন। এ নিয়ে বিক্রেতা সোহেলের সঙ্গে আমিনের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে বন্ধু মোবারক তাৎক্ষণিকভাবে নিজের পকেট থেকে ২০ টাকা পরিশোধ করে দিলেও উত্তেজনা কমেনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনের ওপর এলোপাতাড়ি হামলা চালান।ছুরিকাঘাতে গুরুতর আহত আমিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ভুক্তভোগীর বড় ভাই আল আমিন হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০ টাকার ঝালমুড়ির জন্য যুবককে ছুরিকাঘাত