নজর বিডি

পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক

রাজধানীর পল্লবী এলাকায় চলন্ত গাড়ি থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পল্লবী থানাধীন কালশী মোড়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের পুলিশ সদস্যরা তাকে আটক করেন।ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। ওই সময় তিনি একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামার সংকেত দেন। সার্জেন্ট যখন চালকের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই এক ছিনতাইকারী অতর্কিতে মাইক্রোবাসের ভেতরে থাকা এক যাত্রীর মোবাইল ফোন টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরিস্থিতি বেগতিক দেখে সার্জেন্ট মাহমুদ আলি তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সাথে তিনি ছিনতাইকারী মানিককে হাতেনাতে জাপটে ধরেন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী যাত্রীর নিকট বুঝিয়ে দেওয়া হয়।পুলিশ জানায়, আটককৃত মানিক একজন পেশাদার ছিনতাইকারী। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক