লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রাবাসে স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (২৪ জুন) রাতে ঢাকা মহানগরীর মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সোলেমান ও এএসআই মো. মহিউদ্দিন। গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ রয়েছে, একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মেহেদির মৃত্যু হয়।নিহত মেহেদি রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষ ভাঙচুর করেছিল।গত ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও ৭ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।"গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"— ফিরোজ উদ্দিন চৌধুরী (ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগঞ্জ থানা)